সিন্ডিকেট প্রথা বিলোপ, এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার) সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্তকরণসহ একাধিক দাবিতে আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের কর্মসূচি শুরু করেছে মোবাইল ব্যবসায়ীরা।
শনিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) এক ঘোষণায় এই কর্মসূচির কথা জানায়। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানান, দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল থেকেই সারাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন।
সংগঠনটির নেতাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়িত হলে দেশের লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের দাবি, এই নিয়মে এক বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং অতিরিক্ত করের ফলে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দামও বেড়ে যাবে।
এর আগেও গত ৩০ নভেম্বর একই দাবিতে সারাদেশে মোবাইল দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তারও আগে, ২৯ নভেম্বর রাতে এনইআইআর সংস্কারের দাবিতে কর্মসূচির ঘোষণা দেয় এমবিসিবি।
ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, দাবি পূরণ না হলে তারা বিটিআরসি কার্যালয় ঘেরাও কর্মসূচিও পালন করবেন।
বিটি/ আরকে
Tags: দোকান বন্ধ, মোবাইল