দেশে চলমান মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থানের অভাবে সাধারণ মানুষের সঞ্চয়ক্ষমতা কমে যাচ্ছে। এর প্রভাব পড়েছে ব্যাংক খাতে আমানতের ওপরও।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি নেমে এসেছে ৭ দশমিক ৭৭ শতাংশে, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক কম। গত ১৮ মাসের মধ্যে এটি অন্যতম সর্বনিম্ন প্রবৃদ্ধি।
অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ প্রয়োজন মেটাতে সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে। এদিকে, বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়ায় কর্মসংস্থানও তেমন তৈরি হচ্ছে না, ফলে আয় বাড়ছে না—যা সঞ্চয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা গেছে, জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫৫ শতাংশে পৌঁছেছে, যা নিত্যপণ্যের উচ্চ মূল্যের প্রভাব। এ অবস্থায় অনেকেই ব্যাংক ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে নগদ অর্থ হাতে রাখছেন। জুন শেষে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা।
গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হলেও জনগণের আস্থা ফেরানো এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
বিটি/ আরকে
Tags: আমানতের প্রবৃদ্ধি