বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হওয়ার পর অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ দুটি যুক্তরাষ্ট্রে খেলবে লিওনেল স্কালোনির দল। চলতি উইন্ডোতে এখন পর্যন্ত একটি ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার। আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বজয়ীরা মুখোমুখি হবে ইকুয়েডরের। এরপর আর কোনো ম্যাচ না থাকায় তারা প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।
সে হিসেবে আগামী ১০ অক্টোবর প্রথম ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা, যেখানে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এবার আবারও লা ভিনোটিন্টোর বিপক্ষেই নামতে যাচ্ছে স্কালোনির দল।
দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে ১৩ অক্টোবর, শিকাগোর সোলজার ফিল্ডে। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৭তম স্থানে আছে।
এর আগে আর্জেন্টিনার চীন সফরের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটি বাতিল হয়। মেক্সিকোর বিপক্ষে খেলার পরিকল্পনাও চুক্তিগত সমস্যার কারণে বাস্তবায়িত হয়নি। ফলে বিকল্প প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
অক্টোবরের ম্যাচ শেষে আর্জেন্টিনা নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফরে যাবে। ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। তবে সেগুলোর প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।
বিটি/ আরকে
Tags: আর্জেন্টাইন, আর্জেন্টিনা, মেসি