ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান টানাপোড়েনের মধ্যেই নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেয়ে গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই তিনি দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ঢাকা ও দিল্লির মধ্যে বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যেই তাকে জরুরিভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে।
গত প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে বেশ অস্বস্তি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ করেছে ঢাকা। এসবের জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ওই মিশনগুলোতে সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়।
পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করে যে, গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে একে অপরের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করার নজিরবিহীন ঘটনা ঘটে।
পাল্টাপাল্টি বক্তব্য
সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের পাল্টাপাল্টি বক্তব্যেও। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘২৯০০টি সহিংস ঘটনা’ ঘটেছে।
এর কড়া প্রতিক্রিয়া জানায় ঢাকা। গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে ভারতের এই অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি ভারতের বিভিন্ন মহলকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিটি/ আরকে
Tags: দিল্লি, হাইকমিশনার