সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
তার জানাজায় অংশগ্রহণ করতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসদ ভবন এলাকায় ছুটে আসছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ অনেক জেলা থেকে অসংখ্য মানুষ তার জানাজায় অংশ নিতে আসছেন। অনেকেই ভোর চারটায় এসে পৌঁছেছেন।
উপস্থিত অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।
এদিকে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, খালেদা জিয়ার মরদেহ এখন জানাজার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে কথা ছিল, তার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে। কিন্তু পরে তার মরদেহ বহনকারী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। পরে ফিরোজায়ও নেওয়া হয়।
এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
বিটি/ আরকে
Tags: খালেদা জিয়া, জনতার ঢল, জানাজা, সংসদ ভবন