সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল (বুধবার) একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। ভাষণে তিনি দেশবাসীকে শোকের এই সময়ে ধৈর্য ধারণ করার এবং অস্থিতিশীলতা বা নাশকতার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি।”
তিনি জানাজাসহ সব ধরনের আনুষ্ঠানিকতা পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
‘জাতি মহান অভিভাবককে হারাল’
বেগম খালেদা জিয়ার বিদায়ে গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। তাঁর মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।”
নাশকতার বিষয়ে সতর্কবার্তা
শোকের এই আবেঘন মুহূর্তে কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।” জাতির এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
ভাষণের শুরুতে তিনি মরহুমার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়।”
তিনি দেশবাসীকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন।
বিটি/ আরকে
Tags: খালেদা জিয়া, রাষ্ট্রীয় শোক, সাধারণ ছুটি