প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ থেকে শুরু হওয়া ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬ উপলক্ষে ৩১ ডিসেম্বর দেওয়া এক বাণীতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
বাণীতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই মেলা একটি ব্যতিক্রমী আয়োজন, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিপুল সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬ উপলক্ষে দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্ব দরবারে উপস্থাপনের ক্ষেত্রে এ মেলা একটি অনন্য প্ল্যাটফর্ম।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশীয় পণ্যের প্রচার ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাসব্যাপী এ আয়োজনের মাধ্যমে দেশে উৎপাদিত মানসম্মত পণ্য দেশি ও বিদেশি দর্শক, ক্রেতা এবং আমদানিকারকদের সামনে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা ও ভোক্তারাও বিদেশি পণ্যের মান, নকশা ও বৈশ্বিক বাজারধারার বিষয়ে বাস্তব ধারণা লাভ করেন।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত ও প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য পূরণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি কার্যকর সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, এই মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে সামগ্রিক উন্নয়নেও মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মেলায় অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠান সহযোগিতা ও অংশীদারিত্বের মনোভাব নিয়ে এগিয়ে আসবে। সবার সক্রিয় অংশগ্রহণে এবারের মেলা হবে আকর্ষণীয়, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর।
সবশেষে তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, মেলাটি গত ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি শনিবার নির্ধারণ করা হয়।
বিটি/ আরকে
Tags: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য, প্রধান উপদেষ্টার