আজকের যুগে ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করাটা অত্যন্ত জরুরি। সাধারণ দোকানে দুধ কিনতে যাওয়াও এখন ভাইরাল হতে পারে। ফুটবলে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ১০ নম্বর জার্সি এখন পরিচিতি পাওয়ার এক গুরুত্বপূর্ণ চাবি হয়ে উঠেছে। অথবা, অনেকের কাছে এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে অনুকরণের একটি উপায়ও।
এই প্রবণতা এই গ্রীষ্মে স্পষ্ট হয়েছে, যখন ফুটবলের কিছু তরুণ তারকা তাদের ক্লাবের ১০ নম্বর জার্সিতে নিজেদের পরিবর্তন করেছেন। কোল পালমার এবং জামাল মুসিয়ালা ইতিমধ্যেই জার্সি পরিবর্তন করেছেন। অন্যদিকে, লুকা মদ্রিচ ক্লাব ছাড়ার কারণে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি খালি হচ্ছে, যা হয়তো কিলিয়ান এমবাপ্পেকে সান্তিয়াগো বার্নাব্যুতে এই জার্সি পরিধান করতে দেখা যেতে পারে। বার্সেলোনায় আনসু ফাতি ধারে মোনাকোতে চলে যাওয়ায় লামিন ইয়ামাল এই জার্সি নিতে পারেন।
ফুটবল বুট প্রস্তুতকারী সোকিতোর বিপণন প্রধান ড্যানিয়েল স্যান্ডিসন ‘দ্য অ্যাথলেটিক’কে বলেন: ব্যক্তিগত ব্র্যান্ডিং আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতি বছর এটি সম্ভবত ১০ থেকে ১৫ শতাংশ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তিনি আরও যোগ করেন: শীর্ষ স্তরের বেশিরভাগ খেলোয়াড়ই (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের মিডফিল্ডার জুড) বেলিংহামের মতো একটি ইউটিউব চ্যানেল রাখতে চান, এমন একটি নম্বর চান যা তাদের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে।
স্যান্ডিসন পালমারের কাঁপানো গোল উদযাপনকে আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন। চেলসির এই ফরোয়ার্ড জানুয়ারিতে যুক্তরাজ্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে এর ট্রেডমার্ক করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর (সিআরসেভেন) জার্সি নম্বর তার ব্র্যান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
স্যান্ডিসন আরও বলেন: ফুটবলারদের আশেপাশের সবাই ব্যক্তিগত ব্র্যান্ডিংকে উৎসাহিত করে, কারণ এটি সম্পদ তৈরি করে, মানুষের জন্য চাকরি তৈরি করে এবং সম্প্রদায়ের মানুষদের ফুটবলে যুক্ত হতে সাহায্য করে যারা আগে হয়তো বাদ পড়েছিলেন। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্র্যান্ডিংয়ের বাইরেও ১০ নম্বর জার্সির গুরুত্ব
দলের ১০ নম্বর হওয়া ব্র্যান্ডিংয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও ফুটবলের ক্ষেত্রে এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ।
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সাইনিং মাথেউস কুনহা ক্লাব মিডিয়াকে এই জার্সির তাৎপর্য সম্পর্কে বলেছেন। এই গ্রীষ্মে ইউনাইটেডের ১০ নম্বর জার্সি পাওয়ার বিষয়ে তিনি বলেন: আহ, এটা এমন কিছু যা আপনি সবসময় স্বপ্ন দেখেন।
তিনি আরও বলেন: অবশ্যই, আমি যখনই এই জার্সিতে এই নম্বরটি দেখি, তখন আমার সবসময় ওয়েন রুনিকেই মনে পড়ে… তারপর আমি (গত মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের ১০ নম্বর জার্সিধারী) মার্কাস রাশফোর্ডের সাথে জার্সি বিনিময় করি… তবে অবশ্যই, আমরা জানি অনেক খেলোয়াড় এই জার্সি ব্যবহার করেছেন — রুদ ফন নিস্টেলরয়, জ্লাতান ইব্রাহিমোভিচ…”
শুধু জার্সি ব্যবহার করা নয়, এর সাথে জড়িত সকল ইতিহাসের কারণে এটি একটি স্বপ্ন। এটা এমন একটি সুন্দর জিনিস যা করার সুযোগ পেয়েছি-শেষে বলেন কুনহা
কুনহা একজন ব্রাজিলিয়ান। ১০ নম্বর জার্সির রহস্য সামাজিক যোগাযোগ মাধ্যম আসার অনেক আগে থেকেই দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে পেলে এবং দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের পরিধানের পর থেকে তৈরি হয়েছিল। ইউরোপের কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস এবং জিনেদিন জিদানও এর মর্যাদা বৃদ্ধিতে সাহায্য করেছেন।
স্পেনে ক্লাসিক ১০ নম্বর জার্সি অতটা প্রচলিত ছিল না, কারণ ওই দেশটি ৪, ৬ এবং ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড়দের প্রতি বেশি আগ্রহী (যেমন জাভি এবং আন্দ্রেস ইনিয়েস্তা)। পর্তুগাল তারকা উইঙ্গার তৈরিতে পারদর্শী এবং জার্মানিতে দলগুলো ১০ নম্বর জার্সিধারীদের সুইপার ভূমিকায় ব্যবহার করতো।
ক্লাসিক ১০ নম্বর জার্সিধারীরা সাধারণত আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে স্ট্রাইকারের পেছনে খেলতেন এবং দলের সবচেয়ে সৃজনশীল খেলোয়াড় হতেন।
‘দ্য অ্যাথলেটিক’-এর মাইকেল কক্স কয়েক বছর আগে যেমন লিখেছিলেন, আধুনিক ফুটবলে ১০ নম্বর জার্সিধারীরা হয়তো ম্লান হয়ে গেছেন, তবে ফলস নাইন, ভেতরে ঢুকে আসা ওয়াইড প্লেয়ার এবং ডিপ-লাইং প্লেমেকারদের ক্রমবর্ধমান উপস্থিতি বোঝায় যে, ১০ নম্বর পরার মতো খেলোয়াড় নেই তা নয়, বরং আগের চেয়েও বেশি প্রার্থী রয়েছে।
এটি এমন একটি জার্সি যা প্রায়শই মশাল স্থানান্তরের প্রতীক, যেমন বার্সেলোনায় রোনালদিনিহো থেকে লিওনেল মেসির হাতে এই জার্সি গিয়েছিল। তবে, এই জার্সি গ্রহণ করা উচ্চ প্রত্যাশা তৈরি করতে পারে এবং হতাশাও আনতে পারে। যেমনটা আনসু ফাতির ক্ষেত্রে মেসির উত্তরসূরি হওয়ার পর যা হয়েছিল। ফাতিকে ২০২১-২২ মৌসুমে ১০ নম্বর জার্সি দেওয়ার পর বার্সেলোনার পরবর্তী বড় সম্ভাবনা হিসেবে ধরা হয়েছিল, কিন্তু ক্লাবটিতে তার ক্যারিয়ার বেশিরভাগই হতাশাজনক ছিল এবং সম্প্রতি তাকে ফ্রান্সের শীর্ষ লিগ ওয়ানের মোনাকোতে ধারে পাঠানো হয়েছে।
সোকিতো ক্রীড়াবিদ এবং বিনিয়োগকারী, যার মধ্যে নটিংহ্যাম ফরেস্টের ওলা আইনা এবং ইউএসএমএনটি খেলোয়াড় ডি’আন্দ্রে ইয়েডলিন অন্তর্ভুক্ত, তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন স্যান্ডিসন। তিনি বলেন: আমি মনে করি একজন খেলোয়াড় হিসেবে এটা প্লেমেকার ভূমিকার সাথে নিজেকে যুক্ত করা: ‘আমিই সেই লোক, সব কিছু আমার মাধ্যমেই আসবে। আমিই তৈরি করব। ম্যারাডোনা এবং মেসি যেমনটা করেছিলেন।
ফাতির পর ইয়ামালের বার্সার ১০ নম্বর হওয়াটা যুক্তিসঙ্গত হবে, কারণ একজন উইঙ্গার হওয়া সত্ত্বেও তিনি এক বছর আগে স্পেনের সাথে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে এবং গত মৌসুমে ১৭ বছর বয়সে তার দ্বিতীয় স্প্যানিশ শিরোপা জিতে নিজেকে এই জার্সির যোগ্য প্রমাণ করেছেন। সেই লা লিগা মৌসুমে তিনি বার্সেলোনার প্রধান কারিগর ছিলেন (১৩টি অ্যাসিস্ট) এবং ইউরো ২০২৪-এ স্পেনের হয়েও (৪টি)।
ইয়ামাল মেসির সাথে তুলনা এড়াতে চেষ্টা করেন, কিন্তু ইন্টার মিয়ামের এই ফরোয়ার্ডের খেলাধুলায় একটি সুদূরপ্রসারী উত্তরাধিকার রয়েছে এবং তিনি ১০ নম্বর জার্সিতে তার ছাপ রেখেছেন।
স্যান্ডিসন বলেন: আমার মনে হয় (১০ নম্বর) কেবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখা হয়, কারণ বিশ্বের সেরা খেলোয়াড় দীর্ঘ সময় ধরে এটি পরিধান করেছেন। তিনি (মেসি) যে গোলদাতা/গোলের কারিগরের ভূমিকাকে নতুন করে উদ্ভাবন করেছেন, সেটাই এই খেলোয়াড়রা হতে চায়। তারা প্রচুর বল চায়। তারা চায় সব কিছু তাদের মাধ্যমেই আসুক।
বাস্কেটবলের একটি উদাহরণ দিতে গেলে, ৯০-এর দশকে বাচ্চারা মাইকেল জর্ডানের মতো হতে (বি লাইক মাইক) সব কিছু করতো, তারা তার জুতো পরতো, তার নম্বর (২৩) চাইতো। এটা মেসিকে অনুকরণ করা, তারা বলছে, আমি ওই লোকটার মতো হতে চাই এবং তার নম্বর পরার চেয়ে ভালো উপায় আর কী হতে পারে?
যদি মেসি না হন, তবে ১০ নম্বর জার্সিধারী অন্যান্য কিংবদন্তিদের একজন তো আছেনই। আপনার প্রিয় খেলোয়াড়ের প্রিয় খেলোয়াড়ও সম্ভবত এই জার্সি পরেছেন, এবং এভাবেই এই চক্র চলতে থাকে।
সূত্র: দ্য অ্যাথলেটিক
Tags: ন ১০ নম্বর জার্সি, ফুটবলার