ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাজির হলেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল। পূর্ব ঘোষণা ছাড়াই অনেকটা নীরবেই তিনি বাংলাদেশেস এসেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই ঝটিকা সফর।
দেশে নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে ব্যস্ততার মধ্যেই গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান এই তারকা। আজ ক্যাম্পাসে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়।
ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টিকা’ (TIKA)-এর আর্থিক সহায়তায় মেডিকেল সেন্টারের এই সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় বিভিন্ন অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং সেখানে একটি ইফতারে অংশ নেবেন। সংক্ষিপ্ত সফর শেষে কাল রাতেই তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন এবং টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিটি/ আরকে