আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক এবং পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ স্পষ্ট করে বলেন, “সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না।”
তিনি জানান, মোবাইল বহনে নিষেধাজ্ঞার বিষয়টি সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হবে এবং দ্রুতই এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের এক চিঠিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ওই নির্দেশনায় কেবল প্রিজাইডিং কর্মকর্তা এবং নির্দিষ্ট পুলিশ ও আনসার সদস্যদের ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এতে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন নিয়ে তীব্র উদ্বেগে পড়েন।
মোবাইল নিষিদ্ধের প্রতিবাদে সোমবার ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি)-এর নেতৃবৃন্দ ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
সংগঠনের সভাপতি কাজী জেবেল বলেন, “সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ। এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”
সাংবাদিক নেতাদের এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের আগের অবস্থান থেকে সরে এসে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়ার আশ্বাস দিল।
বিটি/ আরকে
Tags: ইসি সানাউল্লাহ, পর্যবেক্ষক, ভোটকেন্দ্র, মোবাইল, সাংবাদিক