স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে কেউ যদি একটি এলএমজির তথ্য সরবরাহ করে এবং সেটি উদ্ধার করা সম্ভব হয়, তবে ওই তথ্যদাতাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
আজ সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগেই ঘোষণা দেওয়া হয়েছিল—লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে পুরস্কার দেওয়া হবে। কেউ যদি একটি চায়না রাইফেলের হদিস দেন এবং তা উদ্ধার হয়, তবে তিনি ১ লাখ টাকা পাবেন। এসএমজির ক্ষেত্রে পুরস্কার ১.৫ লাখ, এলএমজির জন্য ৫ লাখ এবং প্রতিটি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা দেওয়া হবে। এমনকি কেউ একটি গুলি এনে দিলেও তাকে ৫০০ টাকা দেওয়া হবে। পিস্তল বা শর্টগানের তথ্য দিলেও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, বর্তমানে অনেক নিয়োগ প্রক্রিয়া চলছে। আগে অভিযোগ ছিল—বদলি ও ভর্তি নিয়ে দুর্নীতি হয়। ভর্তি সংক্রান্ত দুর্নীতির প্রমাণ কেউ দিলে তাকেও পুরস্কৃত করা হবে। তবে এর জন্য কোনো নির্দিষ্ট অঙ্ক ঘোষণা করা হয়নি। নিয়োগ দুর্নীতি বন্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক বছরে কেউ এ ধরনের অভিযোগ তোলেননি। তিনি বলেন, চেয়ারে বসার পর আত্মীয়-স্বজনের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। কেউ যদি চাঁদাবাজিতে জড়িত হয়, বা আমরা যদি নিজেরাও কোনো অনিয়ম করি—তা তুলে ধরার আহ্বান জানান তিনি। তবে ভুল বা ভিত্তিহীন রিপোর্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
গাজীপুরের কমিশনারের যাতায়াতের জন্য রাস্তা বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত। প্রথমে তাকে নোটিশ দেওয়া হবে এবং এই বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।
তিনি আরও বলেন, জনতা কর্তৃক সংঘবদ্ধ হামলার ঘটনা (মব ভায়োলেন্স) কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি। এগুলো নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। নির্বাচনের আগে যতটা সম্ভব অস্ত্র উদ্ধার করা হচ্ছে। তবে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নির্ভর করে রাজনৈতিক দল ও জনগণের উপর। জনগণ নির্বাচনের প্রতি আগ্রহী বলেই আজকের বৈঠকে আপনারা আইনশৃঙ্খলার পাশাপাশি নির্বাচন নিয়েও প্রশ্ন করেছেন—এটিই তার প্রমাণ।
বিটি/ আরকে
Tags: 'লুট হওয়া অস্ত্রের, পুরস্কার