দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কার্যালয়গুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। যেসব প্রতিষ্ঠানের ইতোমধ্যে ওয়েবসাইট রয়েছে, তাদেরকে তথ্য হালনাগাদ করতেও বলা হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) মাউশির ইএমআইএস সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইট নেই, আবার অনেকের ওয়েবসাইটে পুরনো বা অসম্পূর্ণ তথ্য রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী, জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) আওতায় প্রত্যেক প্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং তা নিয়মিত হালনাগাদ রাখতে হবে।
আর্থিক ব্যয় কমানোর জন্য আলাদা কোনো খরচে নয়, বরং জাতীয় তথ্য বাতায়নের নির্ধারিত কাঠামো ব্যবহার করে এসব ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিটি ওয়েবসাইটে যে তথ্যগুলো হালনাগাদ রাখতে হবে, তার মধ্যে রয়েছে: প্রতিষ্ঠানের পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতির তথ্য, শ্রেণিভিত্তিক ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তালিকা, শিক্ষক-কর্মচারীদের তথ্য, পাঠদান রুটিন ও সিলেবাস, এমপিও-সংক্রান্ত তথ্য, যোগাযোগের মোবাইল নম্বর, তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও নম্বর ইত্যাদি।
সবশেষে বলা হয়েছে, ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে তা www.emis.gov.bd ওয়েবসাইটের DSHE/EMIS বিভাগের IMS মডিউলে নির্ধারিত সময়ের মধ্যে আপলোড করতে হবে।
বিটি/ আরকে
Tags: ওয়েবসাইট, মাউশি, শিক্ষা প্রতিষ্ঠান, হালনাগাদ