সরকার সরকারি, স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের জন্য বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা ২০২৪ সালের অধ্যাদেশে কিছুটা পরিবর্তন এনেছে।
সংশোধিত নিয়ম অনুযায়ী, যেসব সংস্থার নিজস্ব নিয়োগ বিধি বা প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছরের বেশি নির্ধারিত ছিল, সেই বয়সসীমা পরিবর্তন না করে বহাল রাখার সুযোগ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ সোমবার নতুন অধ্যাদেশ জারি করেছে। এই নতুন অধ্যাদেশের নাম হবে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। তারা জানায়, এই সংশোধনী অবিলম্বে কার্যকর হবে।
অধ্যাদেশে ২০২৪ সালের নভেম্বরে জারি হওয়া অধ্যাদেশের শিরোনাম, প্রস্তাবনা ও ধারা ১-এর উপ-ধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দ ও সংশ্লিষ্ট চিহ্ন মুছে দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন একটি উপধারা সংযোজন করা হয়েছে।
নতুন উপধারায় বলা হয়েছে, ধারা ৩-এর যে কোনো বিধানের বাইরে, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশন বা স্ব-শাসিত সংস্থার নিজস্ব নিয়োগ বিধি বা প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত আছে, সেই সব ক্ষেত্রে পূর্বের বয়সসীমা অপরিবর্তিত থাকবে।
গত বছরের ১৮ নভেম্বর জারি হওয়া অধ্যাদেশে বলা হয়েছিল, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে এবং সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এছাড়া স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশন ও স্ব-শাসিত সংস্থার যেসব পদে সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর নির্ধারিত ছিল, তা ৩২ বছরের মধ্যে সীমাবদ্ধ করার বিধান ছিল। তবে প্রতিরক্ষা বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা যথা আছে।
বিটি/ আরকে
Tags: বয়সসীমা, সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা