যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, তিনি নিয়মিত বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন।
বুধবার (১৪ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেটিকে ভারতের জন্য ‘হুমকি’ হিসেবে দেখা হচ্ছে কি না এবং ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কীভাবে দেখছে।
জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে, তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে— তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আগামী ৪–৫ বছরের জন্য নাকি কেবল আগামী ৪–৫ মাসের জন্য।”
এখনই তাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না তা তাদের বিবেচনা করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের বিষয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, “এই মুহূর্তে তিন বাহিনীই তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”
তিনি আরও জানান, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও একইভাবে যোগাযোগ বজায় রাখছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছিল, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে।
জেনারেল দ্বিবেদী বলেন, “এর উদ্দেশ্য হলো, কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়।”
বিটি/ আরকে
Tags: উপেন্দ্র দ্বিবেদী, বাংলাদেশ, ভারত, সেনাপ্রধান