বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদন শুরু হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে ওঠা এই আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেয়ার পাশাপাশি বিশ্বব্যাপী গবেষকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি গবেষণায় আগ্রহীদের জন্য একটি গ্লোবাল প্ল্যাটফর্মও তৈরি করে।
গেটস কেমব্রিজ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে বছরে প্রায় একুশ হাজার পাউন্ড পাবেন যা প্রায় ৩৪ লাখ টাকার বেশি। নিজ দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া এবং ডিগ্রি শেষে দেশে ফেরার জন্য বিমান টিকিটের ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু সুবিধা, যা শিক্ষাজীবনকে নির্বিঘ্ন করতে সহায়তা করবে।
মেয়াদকাল ও সুযোগ-সুবিধা
স্নাতকোত্তর ডিগ্রির জন্য বৃত্তির মেয়াদ দুই বছর এবং পিএইচডি ডিগ্রির জন্য চার বছর নির্ধারিত।
যোগ্যতা ও শর্ত
যুক্তরাজ্যের নাগরিক নন এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রির সনদ থাকতে হবে। পূর্ববর্তী শিক্ষাজীবনে চমৎকার ফলাফল আবশ্যক।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য দরকার হবে অনলাইন ফর্ম, জীবনবৃত্তান্ত (সিভি), উদ্দেশ্য বিবৃতি এবং পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে গবেষণা প্রস্তাব।
অধ্যয়নের ক্ষেত্র: কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ক্লিনিক্যাল মেডিসিন ও প্রযুক্তি স্কুলের বিভিন্ন বিষয়ে আবেদন করা যাবে। পাশাপাশি বায়োমেডিকেল, ইঞ্জিনিয়ারিং, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, স্থাপত্য, ইসলামিক স্টাডিজ ও জ্যোতির্বিদ্যা বিষয়েও উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের বিভাগীয় র্যাঙ্কিং, সংক্ষিপ্ত তালিকা ও সাক্ষাৎকার এই তিন ধাপের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: কোর্স অনুযায়ী আবেদনের শেষ সময় ভিন্ন হতে পারে, তাই আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেয়া হচ্ছে।
বিটি/ আরকে
Tags: গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, বৃত্তি, যুক্তরাজ্য