1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি, ফল ১০ ফেব্রুয়ারি প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশের জন্য ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পিএসসি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও প্রার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। ৯টা ৩০ মিনিটের পর পরীক্ষা কেন্দ্রের সব গেট বন্ধ থাকবে।

প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীরা ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা দুই ঘণ্টা সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কেটে নেওয়া হবে।

পরীক্ষা হলে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ যেকোনো ডিভাইস, গহনা, ব্যাগ ও মানিব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পিএসসি বলেছে, নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকা পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা হলে প্রবেশের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার দিন পিএসসি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে প্রার্থীদের নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়টি জানাবে।

পরিপত্রে বলা হয়েছে, পরীক্ষার সময় প্রার্থীরা কানের উপর কোনো আবরণ ব্যবহার করতে পারবেন না। হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের পূর্ব অনুমোদন নিতে হবে।

৫০তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদ এবং ননক্যাডারের ৩৯৫টি পদে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। ক্যাডারভিত্তিক নিয়োগে সর্বোচ্চ স্বাস্থ্যে ৬৫০ জন, প্রশাসনে ২০০ জন এবং শিক্ষায় ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি জানিয়েছে, এক বছরের মধ্যে বিসিএসের পুরো কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফল ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে শুরু হয়ে সম্ভাব্য ফল প্রকাশ ৩০ জুলাই। মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশ করা হবে।

প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে হলেও মৌখিক পরীক্ষা সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT