জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে এই আবেদন করা হয়েছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এই পরিচয়পত্রগুলো দ্রুত ইস্যু করার অনুরোধ জানিয়েছেন। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
চিঠিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের নথিপত্র বাতিল করেছে। বাংলাদেশের নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে দ্রুত নতুন এনআইডি ও পাসপোর্ট প্রদানের দাবি জানান তারা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। রয়টার্স জানিয়েছে, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
এদিকে বিষয়টি নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে আগামী মঙ্গলবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। তবে হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, আজকের আলোচনায় মূলত কপ-৩১ সম্মেলন নিয়েই কথা হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার এই উদ্যোগ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির অনেক নেতা-কর্মী কারাগারে বা আত্মগোপনে রয়েছেন। রয়টার্সের ভাষ্যমতে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে এবং তার প্রত্যাবর্তনের সম্ভাবনা দুই দেশের সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের দূতাবাস বা প্রধানমন্ত্রীর মুখপাত্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Tags: এনআইডি, পররাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট, রাজনীতি, শেখ হাসিনা, সালাহউদ্দিন নোমান চৌধুরী