চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে গত ৮ নভেম্বর রোববার রাতে শ্যামাপূজা পরিদর্শন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুবসমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। তিনি স্পষ্ট করে জানান, মাদক কারবারি কিংবা চাঁদাবাজরা কেউই সরকারের চেয়ে শক্তিশালী নয়। এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং কঠোর হস্তে দমন করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকদের সচেতনতার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে এমপি এনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আপনাদের পাশে আছেন। তাই ভয়ের কিছু নেই এবং স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করুন। নিরাপত্তার বিষয়ে প্রশাসন সবসময় সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি নিশ্চয়তা দেন। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কোনো বিনিময় ছাড়াই আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। কোনো দুষ্কৃতকারী যদি ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামাপূজাকে কেন্দ্র করে বুড়াকালি মন্দিরে হাজার হাজার ভক্ত ও অনুরাগীদের সমাগম ঘটে, যেখানে দেশ-বিদেশের মানুষের ভিড় ছিল লক্ষণীয়। ধর্মীয় এ উৎসব উপলক্ষে সেখানে লোকজ মেলাও বসে।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে পটিয়া থানার ওসি জিয়াউল হক, পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের নেতা তাপস দে এবং মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা মো. নিজাম উদ্দিন নাজিম, আবু বক্কর, মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন, মো. শুক্কুর, এমরান, তারেক এবং ছাত্রদল নেতা আশিক, নিহন ও আবু বক্করসহ অনেকে অংশ নেন।
Tags: এনামুল হক এনাম, চট্টগ্রাম, পটিয়া, মাদক বিরোধী অভিযান, শ্যামাপূজা