বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিরোধযোগ্য মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা কমাতে দ্রুত একটি সমন্বিত ও কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক অবকাঠামো তৈরি, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিরাপদ যানবাহন নিশ্চিত করা, সড়কে চলাচলের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রোববার (১৫ নভেম্বর) ঢাকার সিআইআরডিএপি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু পরিবহন খাতের সমস্যা নয়। এটি জনস্বাস্থ্য, অর্থনীতি এবং দেশের উন্নয়নের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচো) তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ মারা যান। অর্থাৎ প্রতিদিন ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। ৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। এসব মৃত্যুর প্রায় ৯২ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সড়ক নিরাপত্তা প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ ওয়ালী নোমান সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তা প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে একই সময়ে ইউরোপীয় অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩৬ শতাংশ কমেছে।
তিনি বলেন, কার্যকর নীতিমালা, আইন, নিরাপদ সড়ক অবকাঠামো এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০২৩ সালে ৫ হাজার ৩০৫ জন, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ জন এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯ জন।
মূল প্রবন্ধে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এগুলো হলো:
১. নিরাপদ সড়ক ও অবকাঠামো নিশ্চিত করা। ২. নিরাপদ যানবাহন নিশ্চিত করা। ৩. যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা। ৪. সড়কে চলাচলকারীদের নিরাপদ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা। ৫. দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা।
প্রবন্ধে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের কারণে হাসপাতালগুলোর ওপর বাড়তি চাপের বিষয়টিও তুলে ধরা হয়।
২০২৪ সালের ‘ইস্টেমেটিং হসপিটাল বারডেন অফ রোড ট্রাফিক ইনজুরি ইন বাংলাদেশ’- শীর্ষক এক গবেষণা অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬.২ শতাংশ সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের দখলে থাকে। একজন আহত রোগীকে হাসপাতালে গড়ে ১৬ দিন থাকতে হয়।
এ সময়ে একজন রোগীর নিজের পকেট থেকে গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়। এর মধ্যে সরকারি ব্যয় অন্তর্ভুক্ত নয়। এই খরচের মধ্যে রয়েছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, অস্ত্রোপচার, হাসপাতালের শয্যা, যাতায়াত, খাবার এবং রোগীর সঙ্গে থাকা পরিবারের সদস্যদের থাকা-খাওয়ার খরচ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় অধিকাংশ মৃত্যু ও গুরুতর আহত হওয়ার ঘটনা প্রতিরোধ করা সম্ভব। দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধের বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা গেলে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর চাপও কমবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় তাদের তিনজন প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকের মৃত্যু সংগঠনের মানবিক কার্যক্রমের জন্য বড় ক্ষতি।
গত ২৩ অক্টোবর ফরিদপুরের মধুখালী থেকে কানাইপুর সড়কে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নূর মোহাম্মদ আরিক, মোহাম্মদ রাব্বি হোসেন এবং তামান্না তাসনিম ঐশী নিহত হন। তারা ভিবিডি-এর একটি কার্যক্রমে অংশগ্রহণ শেষে মাগুরায় ফিরে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, প্রতিটি বড় সড়ক দুর্ঘটনার সঠিক তদন্ত, দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা দেওয়া প্রয়োজন। এ ছাড়া রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত আইনটি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি যারা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্য করতে এগিয়ে আসবেন, তাদের আইনি সুরক্ষাও দেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সরকারি ট্রাস্ট ফান্ড থেকে কী ধরনের সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে জানানো জরুরি। এতে তারা তাদের প্রাপ্য সহায়তা সহজে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আবদুল আওয়াল রিজভী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) মোহাম্মদ জিয়াউর রহমান এবং ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক খালিদ মাহমুদ।
বক্তারা বলেন, জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় দশকের বৈশ্বিক কর্মপরিকল্পনা (২০২১–২০৩০) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে নিরাপদ সড়ক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসাসেবা আরও শক্তিশালী করতে হবে।
সবশেষে বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন খাত, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমানো এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।
বিটি/ আরকে
Tags: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোড সেফটি, সড়ক নিরাপত্তা আইন