বাংলাদেশ শিগগিরই বাজেট ঘাটতি মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে ঢাকায় অবস্থানরত এডিবি মিশন দেশের আর্থিক অবস্থা ও সংস্কার অগ্রগতির পর্যালোচনা করছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার (১১ নভেম্বর) ফিনান্সিয়াল এক্সপ্রেসকে জানান, “অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বর্তমান অগ্রগতি যাচাই করছে এডিবি মিশন। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই বাজেট সহায়তা অনুমোদন হতে পারে।”
এই প্রস্তাবিত ২৫ কোটি ডলারের ঋণ হবে ‘স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় কিস্তি, যার প্রথম কিস্তি (একই অঙ্কের ২৫ কোটি ডলার) গত অর্থবছর ২০২৩-২৪ সালে বাংলাদেশকে প্রদান করেছিল এডিবি।
আরও এক ইআরডি কর্মকর্তা জানান, “এডিবির তথ্য-সংগ্রহ মিশন বর্তমানে সরকারে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক করছে। এই ধাপ শেষে আমরা ঋণদাতার সঙ্গে আলোচনায় বসব। এরপরই চূড়ান্ত স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, এই ঋণ কর্মসূচির আওতায় ম্যানিলা-ভিত্তিক সংস্থাটি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে, যাতে প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা যায়।
গত অর্থবছরে এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছিল ২০২৬ সালের পর স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায়। এছাড়া ব্যাংকিং খাত সংস্কারে আরও ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা নিশ্চিত করেছিল সংস্থাটি।
এডিবির তথ্য অনুযায়ী, এই সামাজিক সুরক্ষা কর্মসূচিটি সরকারের ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্রাটেজি (২০২১-২০২৬)-এর অ্যাকশন প্ল্যান ফেজ-২ বাস্তবায়নে সহায়তা করবে। এর লক্ষ্য সামাজিক সুরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করা, এবং অবদানভিত্তিক সুরক্ষা স্কিম চালুর মাধ্যমে সামাজিক সুরক্ষার পরিধি সম্প্রসারণ।
এডিবির মতে, এই কর্মসূচি দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক বঞ্চনার ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখবে। পাশাপাশি নগদভিত্তিক সামাজিক সুরক্ষা কার্যক্রমে অনিয়ম রোধে উপকারভোগীদের জীবিত যাচাইয়ের একটি নতুন প্রক্রিয়া চালু করা হবে।
ইআরডি কর্মকর্তার ভাষায়, “আমরা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ২৫ কোটি ডলারের এই বাজেট সহায়তার চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছি, যাতে বাজেট ঘাটতি কমানো যায়।”
বিটি/ আরকে
Tags: ADB, ঋণ, এডিবি, ডলার, বাংলাদেশ