জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবিসি বাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, দুই দলের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। পোস্টে তিনি দাবি করেন, এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সরাসরি জোট গঠনের উদ্যোগ চলছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
আব্দুল কাদের তার পোস্টে লেখেন, এনসিপি শুরুতে জামায়াতের কাছে ৫০টি আসন দাবি করলেও দর-কষাকষির শেষ পর্যায়ে তা ৩০ আসনে এসে চূড়ান্ত হয়েছে। তার দাবি অনুযায়ী, সমঝোতার শর্তে এনসিপি বাকি ২৭০টি আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামায়াতকে সহযোগিতা করবে।
তিনি আরও উল্লেখ করেন, সমঝোতার আওতায় থাকা ৩০টি আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজন প্রতিনিধির ওপর ন্যস্ত করা হয়েছে। তার দাবি অনুযায়ী, এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারী এবং জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যৌথভাবে ওই প্রার্থীদের চূড়ান্ত করবেন।
তবে এসব দাবি ও আলোচনার বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত বিষয়টি অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
Tags: এনসিপি, জামায়াতে ইসলামী