জুলাই গণহত্যার পর ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার দাবিতে রাজধানীতে কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। একই সঙ্গে ভারতীয় প্রক্সি হিসেবে চিহ্নিত রাজনৈতিক দল, গণমাধ্যম ও কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারতের ক্রমাগত আগ্রাসী ভূমিকা। জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যেসব ব্যক্তি ভারতে পালিয়ে রয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, ভারতীয় মদদপুষ্ট কিছু গণমাধ্যম ও রাজনৈতিক শক্তি বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সক্রিয় রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ভারতীয় হাইকমিশনের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো হবে।
এবি জুবায়ের বলেন, ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করা কোনো গণমাধ্যম বা রাজনৈতিক শক্তিকে বাংলাদেশে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। দেশের জনগণের স্বার্থ রক্ষায় জুলাই ঐক্য ধারাবাহিকভাবে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাবে।
Tags: ভারতীয় হাইকমিশন