চলতি নভেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বগতি আরও স্পষ্ট হয়েছে। মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকার সমান।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স এসেছে প্রায় ৫১ কোটি ডলার বেশি।
চলমান প্রবাহ অব্যাহত থাকলে নভেম্বর শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছর কেবল ঈদুল ফিতরকে ঘিরে একবারই মাসিক রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের বেশি হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, বৈধ পথে টাকা পাঠাতে বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে লেনদেন সহজ হওয়া এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় কার্যক্রম রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৩৫ কোটি ডলার।
প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা। এতে দৈনিক গড় রেমিট্যান্স দাঁড়ায় ৯ কোটি ৭৯ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৯৪ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে আসা রেমিট্যান্স ছিল ১৮৪ কোটি ডলার।
বিটি/ আরকে
Tags: Remittance, taka, রেমিট্যান্স