বহুল আলোচিত স্টারলিংকের সেবা চালু হয়েছে বাংলাদেশে। স্টারলিংকের সেবা পেতে হলে সরাসরি যেতে হবে তাদের ওয়েবসাইটে। কিছু অপশন ফিলআপ করে সহজেই পাওয়া যাবে তাদের ডিভাইস। বাসায় বা অফিসে পৌঁছে দেবে প্রয়োজনীয় যন্ত্রাংশ।
বাংলাদেশ সরকারের পাশাপাশি স্টারলিংক গতকাল এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।
স্টারলিংকের ওয়েবসাইটে গেলে দুটি বিভাগে (পারসোনাল ও বিজনেস) ৪টি ক্যাটেগরি পাওয়া যাবে। পারসোনাল ক্যাটেগরিতে ‘রেসিডেনশিয়াল’ ও ‘রোম’ নামের দুটি অপশন দেখাবে। তবে বাংলাদেশ সরকার এখনও ইলন মাস্কের যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানটির রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন দেয়নি। তাই ব্যবহারকারীরা আপাতত রেসিডেনশিয়াল অপশনটি ব্যবহার করতে পারবেন।

এছাড়া বিজনেস ক্যাটেগরিতেও স্টারলিংকেও দুটি অপশন রয়েছে, একটি ‘লোকাল প্রায়োরিটি’ আর অন্যটি ‘গ্লোবাল প্রায়োরিটি’।

প্রয়োজন অনুসারে অপশনে গিয়ে ‘অর্ডার নাউ’ ক্লিক করে নিজের এলাকা নির্বাচন করতে হবে। এরপর চেকআউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে। পরে ‘প্লেস অর্ডার’ ক্লিক করতে হবে।
তিন থেকে চার সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। স্টারলিংক বলছে, গ্রাহক খুব সহজে নিজেই এটি সেট করতে পারবেন।
স্টারলিংকের ‘সেটআপ’ সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। দুটি প্যাকেজ এখন পর্যন্ত চালু করেছে তারা। স্টারলিংক রেসিডেন্সের মাসিক খরচ ৬ হাজার টাকা, রেসিডেন্স লাইটের খরচ ৪ হাজার ২০০ টাকা। আর বিজনেস প্যাকেজ ৪ হাজার ৬০০ টাকা থেকে শুরু করে মাসে ২ লাখ ৭৯ হাজার টাকার প্যাকেজ রয়েছে। বিজনেস প্যাকেজের সঙ্গে সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে ৩ লাখ ৪৫ হাজার টাকা। তবে বাংলাদেশে প্রমোশনাল অফার হিসেবে দামে কিছুটা ছাড় দিয়েছে, যা থাকবে ২৮ মে পর্যন্ত।
একটা ‘ডিভাইস’ (যন্ত্র) থেকে ২০ থেকে সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে। গ্রামে তা ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত হবে। এক ব্যক্তি কিনে বা একাধিক ব্যক্তি সমিতি আকারে কিনে তা ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন।
উচ্চগতির জন্য স্টারলিংক জনপ্রিয়। বলা হয়, প্রত্যন্ত বা দুর্গম অঞ্চল, যেখানে প্রথাগত ইন্টারনেট সেবা পৌঁছাতে পারে না, সেখানে স্টারলিংক সহজেই সেবা দিতে পারে। স্টারলিংকে সর্বোচ্চ ৩০০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতিতে আনলিমিটেড (সীমাহীন) ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিজনেস প্যাকেজে গতি কাষ্টমাইজ করার সুযোগ থাকবে।
Tags: স্টারলিংক