আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২ হাজার ৫০০ জন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু একটি গ্রামেই ৩০ জনের প্রাণহানি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লাঘমান প্রদেশে ৮০ জন এবং নানগারহার প্রদেশে ৩৩০ জন আহত হয়েছেন। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কুনার প্রদেশে।
এদিকে ভূমিকম্পের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা এলাকার রাস্তা ভূমিধসে বন্ধ হয়ে গেছে। ফলে ওইসব অঞ্চলে পৌঁছাতে ত্রাণ ও উদ্ধারকাজে বড় ধরনের বাধার মুখে পড়েছে সংশ্লিষ্ট দলগুলো।
বিটি/ আরকে
Tags: আফগানিস্তান, ভূমিকম্প