আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ৬ আগস্ট (বুধবার) থেকে যথারীতি আগের নিয়মে ভর্তি কার্যক্রম শুরু হবে।
এদিকে, গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে। এবছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া ৩০ জুলাই শুরু হয়েছে এবং শেষ হবে ১১ আগস্ট।
এবার, কলেজে মোট আসনের ৯৩ শতাংশ আসন থাকবে সাধারণ শিক্ষার্থীদের জন্য, বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৫ শতাংশ আসন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ আসন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ আসন অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য বরাদ্দ থাকবে। তবে, যদি কোনো সংরক্ষিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তাহলে সেসব আসনে মেধার ভিত্তিতে ভর্তি সম্পন্ন করা হবে।
বিটি/ আরকে
Tags: অনলাইন ভর্তি কার্যক্রম, একাদশ শ্রেণি