চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনা মহামারির প্রভাব ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি।
চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে এসএসসি পরীক্ষা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরীক্ষা পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি চলছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-এক দিন বাড়ানো হতে পারে।”
এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি জানান, “আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আশা করছি, এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা যাবে।”
বিটি/ আরকে
Tags: এইচএসসি, এসএসসি পরীক্ষা