শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘স্টার্টআপ, উদ্ভাবন এবং শিল্প খাতের সঙ্গে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ আলোচনার আয়োজন করে।
অধ্যাপক আল-মামুন বলেন, ‘শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত করলে হবে না, তাদের চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে। এ জন্য একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়ন, ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো এবং শিল্প বিশেষজ্ঞদের অতিথি শিক্ষক ও পরামর্শক হিসেবে যুক্ত করতে হবে। একই সঙ্গে গবেষণার ফলাফলকে উদ্ভাবন, পণ্য তৈরি ও বাণিজ্যিকীকরণের পর্যায়ে নিতে হবে।
তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় ১৯টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।
এন/আই
Tags: উদ্যোক্তা, চাকরি, শিক্ষার্থী