দেশের আবাসন ব্যবসায় জটিল ও কঠিন নিয়ম-কানুন এবং বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধানের কারণে এ খাত সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল। আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ)সহ বিভিন্ন অযৌক্তিক বিধিমালা সংস্কার ও সংশোধনের দাবি জানান তিনি।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে আয়োজিত আবাসন ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, আবাসন ব্যবসা বর্তমানে নানা ধরনের সমস্যার চাপে রয়েছে। এর সঙ্গে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধান যুক্ত হওয়ায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান যুক্ত থাকায় এ খাতের সংকটের প্রভাব পুরো অর্থনীতিতেও পড়ছে।
মতবিনিময় সভায় আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সমন্বয় ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. সহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
এ ছাড়া উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মো. ইব্রাহিম সরকার ও সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন বক্তব্য দেন। সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-ফিন্যান্স ড. মো. হারুন অর রশিদসহ পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালক এবং বিপুলসংখ্যক আবাসন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এন/আই
Tags: আবাসন, ড্যাপ সংশোধন, রিহ্যাব