সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা চায় ভারত। একইসাথে ক্ষমতাচ্যুত এই নেত্রীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ রাখা এবং তার বিচার প্রক্রিয়াকে নতুন করে সাজানোর প্রত্যাশা করছে নয়াদিল্লি। ভারতীয় সরকারি ও সামরিক সূত্রের বরাতে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়ার পর সামরিক বিমানে ভারতে আশ্রয় নেন হাসিনা। এর দুই বছরেরও বেশি সময় পর তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। নয়াদিল্লি এর জন্য প্রয়োজনীয় সব লজিস্টিক ব্যবস্থা করতেও প্রস্তুত।
প্রতিবেদন অনুযায়ী, ভারত চায় হাসিনার দেশে ফেরার পুরো বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করুক। এটি আকাশ কিংবা স্থলপথে হতে পারে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাকে গ্রহণ করবে এবং ভারত লজিস্টিক সহায়তা দেবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্তটি হলো, ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে তাকে আপিল করার সুযোগ দিতে হবে। জুলাই হত্যাকাণ্ডের অভিযোগসহ অন্যান্য মামলা নতুন করে সুষ্ঠু ও আন্তর্জাতিক নজরদারিতে বিচারের মুখোমুখি করার নিশ্চয়তাও চায় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেছেন, জেনেশুনে কারও মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তাকে হস্তান্তর করতে পারে না দিল্লি। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক প্রশ্নের জবাবে জানান, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।
হাসিনা নিজেই গত ৯ই নভেম্বর ব্রিটিশ এক ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। সরকার তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে রয়টার্সকে হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হতে চান। গত ৬ই অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আনুষ্ঠানিক আলোচনায় প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলা হলেও সামরিক সূত্রগুলো বলছে, হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নয়াদিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছিল।
এদিকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। বর্তমান সরকার তার পাসপোর্ট সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা ভারতের সাথে হয়নি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক শুক্রবার ফেসবুক পোস্টে দাবি করেন, অন্য কোনো দেশ হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় বাংলাদেশে ফেরাই তার শেষ বিকল্প। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। ভারতীয় কর্মকর্তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বরে হাসিনার ফেরা অনেকটা অসম্ভব। কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে ভারতীয় শর্তগুলোর সত্যতা নিশ্চিত করেনি।
Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রত্যাবর্তন, বাংলাদেশ সেনাবাহিনী, ভারত, শেখ হাসিনা