ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানকে সরাসরি ‘ভাঁওতাবাজি’ বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট। আইজেনকটের মতে, নেতানিয়াহু মুখে ঐক্যের কথা বললেও বাস্তবে তার কর্মকাণ্ডের সাথে এর কোনো মিল নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, নেতানিয়াহুর এমন রাজনৈতিক কৌশল তার ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি আরো বলেন, ‘এসব কৌশল আমার ওপর কাজ করে না।’।
আইজেনকটের অভিযোগ, আলোচনার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল, কিন্তু এখন সেটিকেই ঐক্যের আহ্বান হিসেবে উপস্থাপন করছেন নেতানিয়াহু। একই সাথে তিনি নেসেটে বা ইসরায়েলের পার্লামেন্টে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মর্যাদা ক্ষুন্ন করার বিষয়টিও উল্লেখ করেন। এর আগে বৃহস্পতিবার এই দুই নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের পর নেতানিয়াহু এক ভিডিওবার্তায় দাবি করেন, আলোচনাটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে তার বিশ্বাসকে আরও জোরালো করেছে।
নেতানিয়াহুর যুক্তি হলো, একটি ঐক্যবদ্ধ সরকার গঠিত হলে ইরান থেকে আসা হুমকি চিরতরে নির্মূল করা সম্ভব হবে।
তার দাবি, সুযোগ পেলে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তবে নেতানিয়াহুর এই যুক্তিতে আস্থা রাখতে পারছেন না আইজেনকট। তার মতে, ইরানের হুমকি মোকাবিলার চেয়েও এটি নেতানিয়াহুর একটি কৌশলী রাজনৈতিক চাল মাত্র। দুই নেতার এই পাল্টাপাল্টি অবস্থানে ইসরায়েলের জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা এখন বড় প্রশ্নের মুখে পড়েছে।
Tags: ইরান, ইসরায়েল, গাদি আইজেনকট, বেনিয়ামিন নেতানিয়াহু, রাজনীতি