যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরণের জয়ের পর থেকে পেন্টাগনের প্রতিরক্ষা বাজেট নিয়ে ডেমোক্র্যাটদের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। নীতিবিশ্লেষক ও অধিকারকর্মীরা দলটির নেতাদের আহ্বান জানিয়েছেন, যেন তারা ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিল (এনডিএএ) পাসের প্রক্রিয়ায় নিজেদের ভোটকে কাজে লাগিয়ে ইসরাইলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও অস্ত্র উৎপাদন সহযোগিতার প্রস্তাবিত ধারাটি বাদ দেওয়ার দাবি জানান। তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ পর্যন্ত বিতর্কিত এ ধারাটি বিল থেকে অপসারিত না হচ্ছে, ততক্ষণ ডেমোক্র্যাটদের উচিত হবে এই বিলের অগ্রগতি আটকে রাখা।
চলতি বছরের শুরুতে যখন ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের বিশাল এই প্যাকেজ উত্থাপিত হয়, তখন থেকেই ডেমোক্র্যাট নেতৃত্ব এর বিরোধিতা করে আসছিল। এই প্যাকেজের ভেতরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পরিকল্পনার সিংহভাগ অর্থায়নের প্রস্তাব রয়েছে। যার মধ্যে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং ‘ট্রাম্প-ক্লাস’ যুদ্ধজাহাজ নির্মাণ প্রকল্পের মতো ব্যয়বহুল পরিকল্পনা অন্তর্ভুক্ত। ডেমোক্র্যাটদের একটি বড় অংশ ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী মনোভাব এবং অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সংকটকে এই বিরোধিতার মূল কারণ হিসেবে সামনে নিয়ে এসেছেন। সম্পূরক কয়েকটি বিলেও এসব পরিকল্পনার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি রয়েছে। আবার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কর্মসূচিতে কঠোর ব্যয়সংকোচনের মাধ্যমে সেই বাজেটের অর্থ জোগানোর ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়।
সিনেটে বর্তমানে বিচারাধীন বিলটির ২১৯ নম্বর ধারায় ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা উদ্যোগ’ নামে একটি কর্মসূচি গঠনের প্রস্তাব রাখা হয়েছে।
এর লক্ষ্য হলো দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে গবেষণা, উন্নয়ন, পরীক্ষা এবং প্রযুক্তিগত সমন্বয় জোরদার করা।
ডিমান্ড প্রগ্রেসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা কাভান খাররাজিয়ান আলজাজিরাকে জানিয়েছেন, এনডিএএ বিলের পক্ষে ডেমোক্র্যাটদের সমর্থন পেতে হলে এতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনতে হবে। তিনি মনে করেন, ইসরাইলের সঙ্গে সামরিক একীভূতকরণের ধারাটি বাদ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের স্পষ্ট বিধান না থাকা পর্যন্ত এই বিলের অগ্রগতি মেনে নেওয়া ঠিক হবে না। এ কারণে এনডিএএ এবং এর সঙ্গে সম্পর্কিত সম্পূরক বিলগুলোতে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।
পেন্টাগনের বাজেটের বিরোধিতার বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বরাবরই স্পর্শকাতর। সামরিক বাহিনীর প্রতি সমর্থনের অভাব হিসেবে চিহ্নিত হওয়ার ভয়ে অনেক সময় আইনপ্রণেতারা এতে বাধা দিতে চান না। তবে ডেমোক্র্যাটরা কৌশলগত অবস্থানে থেকে এই প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছেন। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পেন্টাগনের অস্থায়ী অর্থায়নের মেয়াদ আছে। এর মধ্যে এনডিএএ পাস করাতে হলে সিনেটে কমপক্ষে ৬০টি ভোটের প্রয়োজন, যা রিপাবলিকানদের জন্য ডেমোক্র্যাটদের সহযোগিতা ছাড়া পাওয়া প্রায় অসম্ভব। আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের আগে সময়ের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে ডেমোক্র্যাটরা। তাই পরিবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলটি বিবেচনার জন্য এগিয়ে নিতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি তাদের দিতে হবে।
প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্মিথ জানিয়েছেন, বর্তমানের চেয়ে আরও বাস্তবসম্মত ও টেকসই প্রতিরক্ষা নীতিমালা প্রয়োজন। ১ লাখ কোটি ডলারের বেশি বাজেটের বিল কোনোভাবেই কাম্য নয়। যদিও স্মিথ শুরুতে ইসরাইলের সঙ্গে প্রযুক্তি সহযোগিতার প্রস্তাবটি সমর্থন করেছিলেন, পরে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেন। তবে সিনেটের নেতা চাক শুমার এবং প্রতিনিধি পরিষদে দলের নেতা হাকিম জেফরিস এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নীরব রয়েছেন। গত ৩ নভেম্বরের নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এক বিবৃতিতে বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আরো বাস্তবসম্মত ও টেকসই পদ্ধতি গ্রহণ করতে হবে।
সমালোচকদের আশঙ্কা, এই উদ্যোগ কার্যকর হলে মার্কিন করদাতাদের অর্থায়নে ইসরাইলকে সরাসরি সহায়তা দেওয়ার একটি স্থায়ী পথ তৈরি হবে। এটি একই সঙ্গে কংগ্রেসের নজরদারি এড়ানোর একটি উপায় হয়ে উঠতে পারে। তাছাড়া গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের বর্তমান নীতিমালার সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যবোধের অসংগতি থাকায়, এমন সময়ে দুই দেশের প্রতিরক্ষা শিল্পকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করাকে অত্যন্ত অনুচিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
বর্তমানে ৩৬ হাজার কোটি ডলারের একটি সম্পূরক অর্থায়ন প্যাকেজও আটকে আছে। ভোটারদের চাপের মুখে ডেমোক্র্যাটরা এখন বড় ধরনের কাটছাঁটের দিকেই ঝুঁকছেন। কেবল সংশোধনী আনলেই চলবে না, বিলের বিতর্কিত ধারাগুলো স্থায়ীভাবে বাদ না দিলে ডেমোক্র্যাটরা কোনো কার্যকর সুফল পাবে না বলেই মত বিশেষজ্ঞদের। এখন বিলটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ও সীমিত। শুধু সংশোধনী প্রস্তাবের ওপর ভোট করানো যথেষ্ট নয়। এরপরও যদি বিতর্কিত ধারাগুলো বহাল রেখে বিলটি এগিয়ে যেতে দেওয়া হয়, তাহলে সেই উদ্যোগের কোনো কার্যকর ফল হবে না।
Tags: ইসরাইল, এনডিএএ, ডেমোক্র্যাট, পেন্টাগন, প্রতিরক্ষা বিল, যুক্তরাষ্ট্র