জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ও উপস্থাপিকা মাইলিন ক্লাস সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের স্কটিশ বাসভবনে অতিথি হিসেবে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সেখানে রাজার স্টাফদের কাছে ভর্ৎসনা শুনতে হয়েছে তাকে। ভেনেসা ফেল্টজের ‘অ্যাট হোম উইথ ভেনেসা’ পডকাস্টে এসে তিনি এই মজার ও চমকপ্রদ অভিজ্ঞতার কথা সবার সাথে শেয়ার করেছেন।
মাইলিন জানান, স্কটল্যান্ডের ড্রামফ্রেস হাউসে রাজার সম্মানে তাকে হার্প বাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই বাসভবনে পৌঁছে তিনি অবাক হয়ে দেখেন, রাজা নিজেই সেখানে আপন মনে বাগান পরিচর্যায় ব্যস্ত। তবে স্টাফদের বকা খাওয়ার সুনির্দিষ্ট কারণটি পডকাস্টে স্পষ্ট করেননি এই তারকা।
নারীর স্বাস্থ্য, গর্ভপাত সচেতনতা ও দাতব্য কাজের স্বীকৃতিস্বরূপ গত বছর রাজা চার্লস মাইলিনকে সম্মানজনক ‘এমবিই’ উপাধিতে ভূষিত করেন। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে তিনি রাজার সামনে পারফর্ম করেছেন। রাজার সঙ্গে তার একাধিকবার সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে মাইলিন রসিকতা করে বলেন, তার ঘনঘন উপস্থিতিতে রাজা হয়তো বিরক্ত হয়ে মনে মনে ভেবেছিলেন—‘আবার এই মেয়ে এসেছে!’
পডকাস্টে মাইলিন আরও জানান, রাজা চার্লস ব্যক্তিগতভাবে বেশ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এবং তিনি চমৎকার চেলো বাজাতে পারেন। রাজপ্রাসাদে পারফর্ম করার অভিজ্ঞতা তার কাছে সবসময়ই রোমাঞ্চকর বলে মন্তব্য করেন এই সাবেক ‘হিয়ার সে’ তারকা।
Tags: এমবিই, পডকাস্ট, মাইলিন ক্লাস, যুক্তরাজ্য, রাজা চার্লস