ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ট্যাংকার অনুমোদনহীন পথে চলার সময় মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের কবলে পড়েছে। বাহিনীটির দাবি অনুযায়ী, জাহাজটি আগে থেকে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি এলাকায় প্রবেশ করেছিল।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার ভোরে ওই ট্যাংকারটি নির্ধারিত নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে। এসময় জাহাজটির অবস্থান শনাক্ত করার প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা এবং পরিচয় প্রকাশের যন্ত্র বন্ধ রাখা ছিল। নৌবাহিনীর দাবি, এর আগে জাহাজটিকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তা আমলে নেওয়া হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী যেকোনো ট্যাংকারকে একই পরিণতির মুখে পড়তে হতে পারে।
আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল। তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেসব ট্যাংকার নিয়ম ভেঙে অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টা করবে, তাদের এমন পরিণতির মুখোমুখি হতে হবে। নৌমাইনযুক্ত এলাকায় প্রবেশের ঝুঁকি সম্পর্কেও তারা বারবার সতর্ক করেছে। অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লাগার পর একটি তরলীকৃত গ্যাসবাহী জাহাজে আগুন ধরে যায়।
বারবার সতর্কবার্তা পাঠানোর পরও ট্যাংকার পরিচালনাকারীরা ঝুঁকিপূর্ণ পথ পরিহার না করায় তাদের তীব্র সমালোচনা করেছে আইআরজিসি। তবে অগ্নিকাণ্ডের শিকার হওয়া ওই জাহাজটির নাম, মালিকানা কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য বিবৃতিতে প্রকাশ করা হয়নি।
Tags: আইআরজিসি, ইরান, ট্যাংকার, মধ্যপ্রাচ্য, হরমুজ প্রণালি