ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং কাজের পরিবেশ নিয়ে শ্রমিকদের চলমান অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে মালিকপক্ষ ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে। শনিবার সকাল থেকে এসব কারখানার সামনে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
কারখানা বন্ধের পাশাপাশি পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ৮টি কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্ধ হওয়া কারখানাগুলোর তালিকায় রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড ও এস-২১ এ্যাপারেলস লিমিটেড। এছাড়াও এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড এবং এনভয় ডিজাইন লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
Tags: আশুলিয়া, কারখানা বন্ধ, পোশাক শিল্প, শ্রমিক অসন্তোষ, সাভার