দেশে ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান পরিচালনায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও দখলের ঘটনায় দেশি-বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর কাছে দেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যেতে পারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর-কাফরুল ও পল্লবী অঞ্চলের উদ্যোগে আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ টেনে রেজাউল করিম বলেন, এ ধরনের ঘটনা দেশের ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান পরিচালনার পরিবেশ নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর মধ্যে নেতিবাচক বার্তা তৈরি করতে পারে।
তিনি বলেন, বিগত সরকারের সময় চাঁদাবাজি, লুটপাট, অপহরণ ও দখলের মতো কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বর্তমানে এসব কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং মিরপুর অঞ্চল পরিচালক মাহফুজুর রহমান
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি এবং কাফরুল অঞ্চল পরিচালক ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পল্লবী অঞ্চল পরিচালক নাসির উদ্দীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শহিদুল্লাহসহ অনেকে।
এন/আই
Tags: জামায়াত, বিনিয়োগ, ব্যবসা