২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের খেলার সুযোগ করে নিলো সেলেসাওরা। কার্লো আনচেলত্তির অধীনে এটিই ব্রাজিলের প্রথম জয়। অন্যদিকে, প্রায় হেরে যাওয়া ম্যাচ থিয়াগো আলমাদার শেষ মুহূর্তের গোলে ড্র করে কোনোমতে রক্ষা পেয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে, কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করলেও ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
ম্যাচের ৭৩ শতাংশ বলের দখল রাখা আনচেলত্তির দল আক্রমণেও দাপট দেখিয়েছে। প্যারাগুয়ের ৫ শটের বিপরীতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা শট নিয়েছেন ১১টি, এর ৪টি ছিল গোলমুখে। এছাড়া আরও দুবার গোলের বড় সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।
সে গোলটা হয়েছে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে। ম্যাচের ৪৪ মিনিটে বক্সের ডান প্রান্তের কিছুটা বাইরে বল পেয়েছিলেন রাফিনিয়া। সেখান থেকে কলম্বিয়ার ৩ ডিফেন্ডারের মাঝ দিয়ে ছোট করে পাস দেন বার্সা উইঙ্গার। দারুণ ক্ষিপ্রতায় সেটি নিয়ন্ত্রণে নিয়ে ক্রস করেন কুইয়া। আর তাতে পা ছুঁয়ে জালে বল জড়ান ভিনিসিয়ুস।
১-০ গোলে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার গোলের খুব কাছাকাছি গিয়েছিল। কিন্তু আর ব্যবধান বাড়াতে পারেনি।
এ জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনেই থাকল ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট প্যারাগুয়ের। এবার কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি পরের বিশ্বকাপের খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার সাতে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৮ (১৬ ম্যাচে)। প্যারাগুয়ে হাতে থাকা দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৪। অর্থাৎ পরের দুটি ম্যাচ হারলেও ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত ব্রাজিলের।
অন্যদিকে, ঘরের মাঠে ৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। প্রায় সাত মাস পর হারের শঙ্কা জেঁকে বসেছিল আলবিসেলেস্তেদের। তার ওপর এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখায় আর্জেন্টিনা তখন ১০ জনের দল। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকেও তুলে নিয়েছেন লিওনেল স্কালোনি।
এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার ত্রাণকর্তা রূপে হাজির হন থিয়াগো আলমাদা। পালাসিওসের পাসে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে কলম্বিয়ার জালে বল জড়ান ২৪ বছর বয়সী এ তারকা। আলমাদার এ গোলেই কোনোমতে হার এড়িয়ে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির দল।
এ ড্রতে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে কলম্বিয়া।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রতি-আক্রমণে কম যায়নি কলম্বিয়া। ম্যাচের ২৪ মিনিটে তেমনই এক ফিরতি আক্রমণে গোলের দেখা পায় নেস্তর লরেনসোর দল।
কেভিন কাস্তানোর পাস মধ্যমাঠের কিছুটা সামনে পেয়েছিলেন লু্ইস দিয়াস। বাঁ প্রান্তের সাইডলাইনের কাছাকাছি অঞ্চল থেকে দারুণ ক্ষিপ্রতায় এগোতে থাকেন লিভারপুল তারকা। একে একে আর্জেন্টিনার তিন ডিফেন্ডারের ফাঁক গলে বক্সে ঢুকে দারুণ শটে পরাস্ত করেন এমি মার্তিনেসকে। ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।
৬ মিনিট পরে অবশ্য গোলটা শোধ দিয়েছিল স্কালোনির দল। কিন্তু এনসো ফের্নান্দেসের গোল বাতিল হয় অফসাইডে। এরপর মেসি-ফের্নান্দেসরা চেষ্টা চালালেও প্রথমার্ধে আর তেমন বড় সুযোগ তৈরি করতে পারেননি।
বিরতির পর ৬৩ মিনিটে একবার গোলের খুব কাছে চলে গিয়েছিল আর্জেন্টিনা। নিকো গনসালেসের শট প্রথম দফায় ঠেকালেও হাতে রাখতে পারেননি কলম্বিয়ান গোলকিপার কেভিন মিয়ের। ফিরতি বলে গনসালেসের পাসে দারুণ সুযোগ পেয়েছিলেন এনসো ফের্নান্দেস। কিন্তু ঠিকঠাক শটই নিতে পারেননি চেলসিতে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার।
৬৮ মিনিটে মেসির ফ্রি কিক বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান মিয়ের। ফিরতি বলে দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন নিকো গঞ্জালেস। কিন্তু আর্জেন্টাইন উইঙ্গারের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
২ মিনিট পর লাল কার্ড দেখেন এনসো ফের্নান্দেস। বল দখলের লড়াইয়ে কলম্বিয়ান মিডফিল্ডার কেভিন কাস্তানোকে ফাউল করে সরাসরি লাল কার্ড পান চেলসিতে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার।
১০ জনে পরিণত হওয়া আর্জেন্টিনা আরও বেশি চাপে পড়ে। তবে চাপ নিয়েই যেন বেশি আক্রমণাত্মক খেলতে থাকে স্কালোনির দল। ৭৮ মিনিটে মেসিকে তুলে নেন স্কালোনি। বদলি হিসেবে মাঠে নামেন পালাসিওস। আর মাঠে নেমেই আর্জেন্টিনাকে গোল এনে দেন লেভারকুসেন মিডফিল্ডার।
না, পালাসিওস গোল পাননি। তবে থিয়াগো আলমাদার গোলে সরাসরি অবদান রেখেছেন। ৮১ মিনিটে পালাসিওসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দারুণ এক কোনাকুনি শটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ২৪ বছর বয়সী আলমাদা। আর সে গোলেই নিশ্চিত হয়, স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ছে আর্জেন্টিনা।
বিটি/ আরকে
Tags: আর্জেন্টিনা, ব্রাজিল