মানিকগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের অদূরে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পরিত্যক্ত অবস্থায় একটি পেট্রোলবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। কেরোসিনভর্তি একটি কাচের বোতলে সলতা লাগিয়ে তাতে আগুন ধরিয়ে দুর্বৃত্তরা এটি নিক্ষেপ করেছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আগুন নিভিয়ে বোতলটি জব্দ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঘটনার সময় সাদা রঙের হিরো হাঙ্ক মোটরসাইকেলে দুজন মুখোশধারী যুবক এসে বোতলটি ছুড়ে মেরেই দ্রুত পালিয়ে যায়। নাশকতার উদ্দেশ্যেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোতলটি উদ্ধার করে। বর্তমানে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Tags: অপরাধ, পুলিশ, পেট্রোল বোমা, বিএনপি, মানিকগঞ্জ