সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মা’আদেন) নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স সোনা উত্তোলন করেছে। কেজিতে ৩৫ আউন্স হিসেবে হিসাব করলে এই পরিমাণ দাঁড়ায় প্রায় ২ লাখ ২১ হাজার কেজি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পিত খনন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গেলেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট মজুত হিসেবে ৭৮ লাখ আউন্স নিশ্চিত করা হয়েছে।
মা’আদেন জানায়, মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও—এই চারটি প্রকল্প এলাকা থেকে নতুন করে সোনার মজুত আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ প্রকল্পে গত বছরের তুলনায় ৩০ লাখ আউন্স বেশি স্বর্ণ পাওয়া গেছে।
এ ছাড়া উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্পে মিলেছে মোট ১৬ লাখ ৭০ হাজার আউন্স সোনা। অন্যদিকে, ওয়াদি আল জাও প্রকল্পে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের সন্ধান মিলেছে।
মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানোর দীর্ঘমেয়াদি কৌশল এবং বৈশ্বিক খনি শিল্পে নিজেদের অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টারই প্রতিফলন।
তিনি জানান, এই ফলাফল প্রমাণ করে যে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবে কার্যকর হচ্ছে। এজন্যই সৌদি আরবের স্বর্ণ খাতে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখা হয়েছে।
বব উইল্ট আরও বলেন, চারটি এলাকায় খননের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলন মা’আদেনের স্বর্ণ প্রকল্পের বিপুল সম্ভাবনাকে তুলে ধরে। প্রতিষ্ঠানের সম্পদভাণ্ডার দিন দিন বাড়ছে, যা ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ বাড়াতে সহায়ক হবে।
বিটি/ আরকে
Tags: সোনা, সোনার খনি, সৌদি আরব