বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি (রি-ইস্যু) বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের নিলাম আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করছে। ২০২৫ সালের ২৭ আগস্ট ১০ দশমিক ২৮ শতাংশ কুপন হারে ইস্যু হওয়া এই বন্ডের (আইএসআইএন নম্বর BD0940081153) ১ হাজার কোটি টাকা অভিহিত মূল্য রি-ইস্যু করা হবে।
বন্ডটির মেয়াদ শেষ হবে ২০৪০ সালের ২৭ আগস্ট। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, নিলামে বিড দাখিল করতে পারবে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব খাত বা গ্রাহকদের (ব্যক্তি বা প্রতিষ্ঠান) বিনিয়োগের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।
নিলামে অংশ নিতে হলে প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ড কেনার জন্য কাঙ্ক্ষিত দর (প্রাইস) এবং চাহিদাকৃত পরিমাণ উল্লেখ করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকভাবে বিড জমা দেওয়া যাবে।
প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে সিল করা খামে ম্যানুয়াল বিডও দাখিল করা সম্ভব।
এ ছাড়া নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ইতোমধ্যে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিটি/ আরকে
Tags: গভর্নমেন্ট, ট্রেজারি বন্ড, নিলাম