সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলা এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শুক্রবার অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়েছে।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ দশমিক ৭২ ডলারে পৌঁছায়। গত ২৯ এপ্রিলের পর এটিই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দাম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৮০ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে।
সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম বেড়েছে ৬ শতাংশ। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান ক্রস-অ্যাসেট কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট বলেন, সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাই তেলের দাম বৃদ্ধির প্রধান কারণ। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালানোর পর বাজারে এই উদ্বেগ বেড়েছে।
এর মধ্যে গত বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো উপসাগরের তীরে বাহরাইনের কাছে ধাহরানে অবস্থিত তাদের সদর দপ্তর খালি করার নির্দেশ দেয়। মূলত হুতিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই নির্দেশ দেওয়া হয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন উপকূলে একটি ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, তেল ছড়িয়ে পড়ার কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট ট্যাংকারটিও শনাক্ত করা সম্ভব হয়নি।
Tags: জ্বালানি তেলের দাম, তেলের দাম