1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আইনি সীমারেখায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে: জাহেদ উর রহমান চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোমার মুখোমুখি ইউনাইটেড মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের পুনরায় সড়ক অবরোধ হাদি মৃত্যুর ঘটনা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২১ বার পেছাল প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০টি কারখানা ছুটি ঘোষণা গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রীষ্মের আগেই গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী সৌদিতে বিমান হামলায় ঢাকা রুটে ১৫৯ ফ্লাইট বাতিল

গ্রীষ্মের আগেই গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি এখন আর কেবল সম্ভাবনাময় খাত নয়, বরং দেশের টেকসই উন্নয়নের জন্য এক অনিবার্য বাস্তবতা। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বিদ্যুৎ খাতের আধুনিকায়নে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে।

পর্যায়ক্রমে এই খাতে আরও প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে।

সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়ির অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের উপযোগী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। নেট মিটারিং ব্যবস্থার আওতায় নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকার তা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের প্রতিটি মানুষের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। এ খাতে আট হাজারের বেশি নতুন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান সম্পৃক্ত রয়েছে। ” বিদ্যুৎ বিতরণ সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত সরকারগুলোর আমল থেকে বিদ্যুৎ খাতে আমদানিনির্ভরতা তৈরি হয়েছিল, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সংকট নিরসনে ২০২৫-২৬ অর্থবছরে সরকার বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডিজেলের মজুত বাড়ানো এবং কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া জ্বালানি তেল সংগ্রহের জন্য ইতোমধ্যে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট মোকাবিলা করতে হচ্ছে। বিকল্প সরবরাহকারীদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “বিগত সরকারগুলোর ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনায় সময়ক্ষেপণ না করে আগামী দিনে বিদ্যুতের চাহিদা কীভাবে মেটানো যায় এবং বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সরবরাহ কীভাবে নিশ্চিত করা যায়, সেটিই সরকারের প্রধান অগ্রাধিকার। ”। চলমান সরবরাহ স্থিতিশীল রাখা, বিদ্যুৎ খাতের ব্যয় ও চুক্তি পর্যালোচনা, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং দ্রুত সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার একযোগে কাজ করছে। ”। উদ্যোক্তারাই এ উদ্যোগের মূল চালিকাশক্তি।

টেকসই বিদ্যুৎ লক্ষ্যমাত্রার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ প্রণয়ন করা হয়েছে এবং বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন কর ও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। তিনি বলেন, সৌরবিদ্যুৎ উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে বাজেটে স্টার্টআপদের জন্য বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এক্সপোতে তিন শতাধিক তরুণ নতুন ধারণা নিয়ে এসেছে, যা বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে।

কৃষি খাতে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, পর্যায়ক্রমে বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলোকে সৌরচালিত পাম্পে রূপান্তর করা হবে, যা কৃষকের উৎপাদন খরচ কমাবে। একইসাথে সৌরবিদ্যুৎ ব্যবহার করে হিমাগার ও গ্রামীণ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির ওপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী উন্নয়ন সহযোগীদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশিদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও গ্রাহকসেবার মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

জনগণের কাছে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন সরকারের দায়িত্ব হলেও এর সঠিক ব্যবহার নিশ্চিত করা জনগণের নৈতিক দায়িত্ব। দিনের বেলা প্রাকৃতিক আলোর যথাযথ ব্যবহার এবং অপ্রয়োজনে বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ। প্রধানমন্ত্রী এই প্রদর্শনী যেন কেবল দুই দিনের আয়োজনে সীমাবদ্ধ না থাকে, বরং ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT