গাজা শান্তি পরিষদের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০ দফা পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে গাজার নিয়ন্ত্রণ আবারো জাতিসংঘের হাতে ছেড়ে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মনোনীত এবং হোয়াইট হাউসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এই উপদেষ্টা ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে জানিয়েছেন, তারা যথেষ্ট ধৈর্য ধরে ইসরায়েলকে সুযোগ দিয়েছেন। তবে নির্বাচন সম্পন্ন হওয়ার পরেও নেতানিয়াহু সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যর্থতায় তারা হতাশ। গ্রুয়েনবাম অভিযোগ করে বলেন, ‘আমরা বর্তমানে অচলাবস্থার মধ্যে রয়েছি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও— নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইলের ব্যর্থতা হতাশাজনক।’।
গ্রুয়েনবাম স্পষ্ট করেছেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যদি প্রতিশ্রুতি রক্ষায় অনাগ্রহী হয়, তবে তা পরিষ্কারভাবে জানিয়ে দিলেই গাজার চাবিকাঠি জাতিসংঘের কাছে হস্তান্তর করা হবে। গত সপ্তাহে কাউন্সিলের সদস্যরা ইসরায়েল সফর করেন এবং একটি উপস্থাপনায় গাজার বিকল্প ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন। উপস্থাপনার চূড়ান্ত অংশে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিকল্পনাটি পরিত্যক্ত হলে গাজায় বিকল্প পরিস্থিতির উদ্ভব হতে পারে। এসব বিকল্পের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন বা কংগ্রেসের পক্ষ থেকে পুনর্গঠনের নতুন পরিকল্পনা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গাজার দায়িত্ব গ্রহণ—সম্ভবত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর মাধ্যমে—অথবা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তর। ওয়াইনেট জানিয়েছে, গত সপ্তাহে ইসরাইল সফর করা কাউন্সিলের সদস্যদের তৈরি একটি উপস্থাপনা (প্রেজেন্টেশন) তাদের হাতে এসেছে।
তালিকায় আরও দুটি বিকল্প হলো—হামাস কর্তৃক পুনরায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অথবা গাজার মানবিক ও প্রশাসনিক সব ব্যয়ভারের দায় সরাসরি ইসরায়েলের কাঁধে তুলে দেওয়া। উপস্থাপনার তথ্যমতে, গত জুলাইয়ে হামাস আনুষ্ঠানিকভাবে এই ২০ দফা পরিকল্পনা গ্রহণ করেছিল। সে সময় সংগঠনটি অস্ত্র সমর্পণের পাশাপাশি ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর কাছে শাসনক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। এই কারিগরি কমিটিরই গাজার প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা ছিল।
তবে গ্রুয়েনবাম বর্তমান পরিস্থিতিকে একটি বড় ধরনের অচলাবস্থা হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, নেতানিয়াহু সরকারের ভেতরের নির্দিষ্ট কিছু রাজনৈতিক গোষ্ঠী তাদের এই উদ্যোগে বাধা সৃষ্টি করছে। এর ফলে হামাস তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেবে কি না, তা যাচাই করাও অসম্ভব হয়ে পড়েছে।
Tags: ইসরায়েল, গাজা, জশ গ্রুয়েনবাম, জাতিসংঘ, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, হামাস