ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে অবস্থিত ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, রাত ২টার দিকে এক নারী কার্যালয়ে আগুন দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, ফ্যান ও চেয়ার-টেবিলসহ আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ব্যবহার করে কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন। এদিকে, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানিয়েছেন, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কে বা কারা এই কর্মকাণ্ড চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
Tags: অগ্নিসংযোগ, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ, বিএনপি