বাংলা একাডেমি ২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ পরিবর্তন করেছে। বইমেলা ২০২৬ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানকে বিবেচনায় রেখে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪:০০টায় বাংলা একাডেমির সভাকক্ষে অধ্যাপক শামীম চৌধুরীর সভাপতিত্বে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মুহাম্মদ আজম, একাডেমির সচিব মোঃ মহিদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী বছরের বইমেলা ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
Tags: অমর একুশে বইমেলা