বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের ভুয়া তথ্য থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই সতর্কতা জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, “সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভ্রান্তিকর ও ভ্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে।”
আইএসপিআর আরও জানায়, “জনসাধারণকে এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।”
পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে ঘিরে নির্বাচনী প্রসঙ্গে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে। এছাড়া এতে স্মরণ করিয়ে দেওয়া হয়, গত ১৯ জুনও একই ধরনের ভুয়া তথ্যের বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
বিটি/ আরকে
Tags: সেনাপ্রধান, সেনাবাহিনী