দেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ আরও সহজ ও প্রসারিত করল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৮ বছরের বদলে ১৬ বছর পূর্ণ হওয়া বাংলাদেশি নাগরিকরাই জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ৫ নম্বর ধারার আলোকে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সারা দেশের স্থানীয় নির্বাচন অফিসগুলোতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
তবে, ১৬ বছর বয়সে নিবন্ধিত হয়ে এনআইডি পেলেও, আইন অনুযায়ী তারা ভোটার হিসেবে গণ্য হবেন ১৮ বছর পূর্ণ হওয়ার পরই।
এর আগে সাধারণত ভোটার হওয়ার যোগ্য অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলে নাগরিকরা এনআইডির জন্য আবেদন করতে পারতেন। তবে বর্তমানে নাগরিক সুবিধা গ্রহণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন কাজে এনআইডির প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বয়সসীমা কমানোর এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
বিটি/ আরকে
Tags: এনআইডি