চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশের কাছে এসেছে প্রায় ৭ কোটি ৭৩ লাখ ডলার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ১৯৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। তুলনামূলকভাবে বছর ধরে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯০ শতাংশ।
তিনি আরও জানান, ২৭ আগস্ট এক দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৫০ শতাংশ বেশি।
এর আগে গত জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ডলার।
বিটি/ আরকে
Tags: রেমিট্যান্স