অনুমতি গ্রহণ না করে বিদেশে অবস্থান এবং অনুমোদিত ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার জন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মঙ্গলবার সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে কারণ দর্শানো ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। তাঁদের আগামী সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালার আলোকে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সূত্র জানিয়েছে।
অন্যদিকে, একই অভিযোগে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট এই কঠোর সিদ্ধান্ত নেয়। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এই শিক্ষকদের ভবিষ্যৎ ও কর্মজীবনের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
অধ্যাপক মাকসুদ কামাল এক বছরের শিক্ষা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফিরে বিদেশে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়াও অধ্যাপক মুশফিকুর রহমান স্বল্পমেয়াদী ছুটি নিয়ে বিদেশে গিয়ে সময়মতো ফেরেননি। পাশাপাশি আইন বিভাগের শিক্ষক আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নি দম্পতি ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফেরেননি বলে অভিযোগ রয়েছে।
এই পুরো বিষয়টি পর্যালোচনার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী, বিদেশে অবস্থানের ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন নেওয়া এবং ছুটি শেষে সময়মতো কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক। এই নিয়ম লংঘন করলে চাকরি থেকে সাময়িক কিংবা চূড়ান্ত বহিষ্কারের বিধান রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এসব নিয়ম অমান্য করলে চাকরি থেকে সাময়িক অথবা চূড়ান্ত বহিষ্কারের বিধান রয়েছে।
Tags: অধ্যাপক মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি, শিক্ষক, সিন্ডিকেট সভা