নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের গবেষক দলটি ধানের দানা বিবর্ণকারী রোগ সৃষ্টিকারী একটি নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত করেছেন। বাংলাদেশের গৌরবময় নামানুসারে এই ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে ‘Pantoea bangladeshensis NSTU24’। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত এই গবেষণালব্ধ ফলাফল দেশের কৃষি খাত ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গবেষণাটির সূত্রপাত হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় উত্তরবঙ্গের রাজশাহীর তানোর উপজেলায় ধানের দানা বিবর্ণ হওয়ার রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেখান থেকে আক্রান্ত ধানের নমুনা সংগ্রহ করে প্রাথমিক কাজ শুরু করেন কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী। পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল এবং সহকারী অধ্যাপক ড. পীযূস কান্তি ঝাঁ।
গবেষণার শুরুতে স্থানীয় ধানের নমুনায় Burkholderia গোত্রীয় ব্যাকটেরিয়া থাকতে পারে বলে ধারণা করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু ল্যাবরেটরিতে প্যাথোজেনিসিটি টেস্ট করার পর সাতটি কলোনি থেকে পাওয়া ব্যাকটেরিয়ার জিনগত বিশ্লেষণে দেখা যায়, এগুলো আসলে Pantoea গণের অন্তর্ভুক্ত। এই পর্যায়ে ঢাকার ডিএনএ সলিউশন লিমিটেডের গবেষক মাকসুদুর রহমান নায়েম, নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অংকন দত্ত পুরো প্রক্রিয়ায় কারিগরি সহায়তা প্রদান করেন। ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং (WGS) নিশ্চিত করে যে এটি বিজ্ঞানজগতের জন্য সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। সবশেষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের নির্দেশনায় গবেষণার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হয়।
আন্তর্জাতিকভাবে নতুন এই প্রজাতির স্বীকৃতি আদায় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক ব্যাকটেরিওলজিক্যাল নামকরণ বিধিমালা বা আইসিএনপি (ICNP) অনুযায়ী, নতুন প্রজাতি হিসেবে স্বীকৃত হতে হলে ব্যাকটেরিয়াটিকে বিশ্বের অন্তত দুটি স্বীকৃত কালচার কালেকশন সেন্টারে সংরক্ষণ করা বাধ্যতামূলক। দীর্ঘ প্রক্রিয়া শেষে নিউজিল্যান্ডের আইসিএমপি (ICMP) এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি (BCCM/LMG) সেন্টারে এই ব্যাকটেরিয়াটি সংরক্ষণ করা সম্ভব হয়।
এ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ অনুমতিপত্র (PIC, MAT ও IRCC) সংগ্রহের প্রয়োজন ছিল। এক্ষেত্রে তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সার গবেষকদের গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন। এ ছাড়াও গবেষণাপত্রটি চূড়ান্ত করতে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত সহায়তা করেছেন।
আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি ছিল এই গবেষণার অন্যতম বড় বাধা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার প্রকল্প প্রস্তাব জমা দেওয়া সত্ত্বেও কোনো অর্থায়ন পাওয়া যায়নি। প্রতিকূলতা সত্ত্বেও নিজস্ব অর্থায়নে অর্ণব গোস্বামী গবেষণার প্রাথমিক ল্যাবরেটরি কার্যক্রম সম্পন্ন করেন। গবেষকদের মতে, এই নতুন ব্যাকটেরিয়াটির বৈশিষ্ট্য শনাক্তকরণ ভবিষ্যতে ধান গবেষণা ও রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
Tags: কৃষি গবেষণা, গবেষণা, ধানের রোগ, নোবিপ্রবি, ব্যাকটেরিয়া